Tuesday, 30 September 2014

মুর্শিদাবাদ –-A Graveyard of History (৫১)


মুর্শিদাবাদ –-A Graveyard of History
অঙ্কুর কুণ্ডু

                   “ ”
                . . . অযথা বৎসর কাটে , যুগ , তবু সভ্যতা রয়েছে আজও তেমনি বর্বর
                                        তুমি হও নদীর গর্ভের মতো গভীরতা , ঠান্ডা , দেবদূতী
                কথা দিয়েছিলে তুমি উদাসীন সঙ্গম শেখাবে ৷
                                                        (“হিমযুগ” , সুনীল গঙ্গোপাধ্যায়)

       ইতিহাস কখনও সুখকর হয় না , যদিওবা সুখের হয় , সেখানেও থেকে যায় নৃশংসতা ৷ ভারতের স্বাধীনতাই তার জ্বলন্ত উদাহরণ ৷ তবে ইতিহাস অবশ্যই সঙ্গম শেখায় ৷ ঐতিহাসিক নিদর্শন হয়তো কেবলই সেই সঙ্গমের প্রতীকচিহ্ন , কিন্তু ইতিহাসের জন্ম যে কেবলই ঘটনা থেকে হয় না , বরং আবেগের আলিঙ্গনে কোনো জায়গার অলি-গলির মুখে ব্যারিকেড্ হয়ে থাকে ইতিহাস ৷ সেই ব্যারিকেড্ কখনও আবার মলাট হয়ে সামনে আসে , অন্তত মুর্শিদাবাদের অলি-গলি রাতের আঁধারে বা নির্জন দুপুরে এই সত্যকেই সামনে আনে ৷ ঐ মলাট ওল্টালেই দেখা যায় প্রতারণার ইতিহাস , গন্ধ পাওয়া যায় রক্তের , মুর্শিদাবাদই মনে হয় প্রথম শুঁকিয়েছিল বিশ্বাসঘাতকতার রক্তের গন্ধ , অনুভব করা যায় ঘোড়ার পায়ের আওয়াজ –সেই ঘোড়া যার পিঠের ওপর নিথর হয়ে ফিরেছিলেন ওড়িশা ও বিহারের নাজিম এবং বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ্-দৌল্লা , শোনা যায় হাসান-হুসেনের মায়ের মতো পুত্রহারা বহু মায়ের চাপা কান্না ৷ এই মুর্শিদাবাদেই দশবছর ছিলাম আমি ৷ ইন্টারনেট্ বা বইয়ের পাতায় নয় , উপলব্ধি করেছি এই ইতিহাসকে প্রতিটা দিন , প্রতিটা রাত , নিজস্বভাবে ৷ তবে , ইদানীং কলকাতাবাসী হওয়ার পর থেকেই আমিও আপনাদের মতো পর্যটক মুর্শিদাবাদের বুকে ৷ চলুন ঘুরে আসা যাক্ মুর্শিদাবাদ , একটু ভিন্নভাবে ৷ এখানে কেবলই ঘোরার বিবরণ নয় , বরং স্বাদ নিই ইতিহাসের পাতায় লেগে থাকা চোরাগোপ্তা রক্তের !

       শিয়ালদহ স্টেশন এবং কলকাতা/চিৎপুর স্টেশন থেকে মুর্শিদাবাদ স্টেশন যাওয়ার বেশ কয়েকটি ট্রেন আছে (ভোর ৩:৩০ , সকাল ৬:৫০ ও ৭:৫৭ , দুপুর ১২:২০ ও ২:১০ , সন্ধ্যা ৬:২০ প্রভৃতি) ৷ ফিরতি পথেও অজস্র ট্রেন , যেমন – সকাল ৬:১৫ ও ৬:৫৫ , বিকেল ৪:৪০ , রাত ১০:৫৩ প্রভৃতি ৷ ভোরবেলা থেকে নির্দিষ্ট সময় অন্তর ধর্মতলা ডিপো থেকে বহরমপুর পর্যন্ত NH-34 দিয়ে যাওয়ার বাস পাওয়া যায় , বহরমপুর থেকে অটো বা ট্রেকারের মাধ্যমে পৌঁছানো যায় লালবাগ ৷ লালবাগ ও সেই সংলগ্ন এলাকায় ঐতিহাসিক নিদর্শনের আধিক্য ৷ লালবাগের পাঁচরাহা মোড়ের কাছে ‘সাগ্নিক’ , মুর্শিদাবাদ স্টেশনের কাছে ‘ইন্দ্রজিৎ’ , হাজারদুয়ারীর পাশে ‘অনুরাগ’ , গঙ্গা পাড়ের ‘মঞ্জুষা’ প্রভৃতি হোটেলে থাকা ও খাওয়ার ব্যবস্থা আছে ৷ ঘোরার জন্য আছে রিক্সা ও ঘোড়ার গাড়ী ৷

       মুর্শিদাবাদ হল রহস্যের গুহা –যার ভেতরে ঢুকতে হলে ভয় ও আলো বাইরে ফেলে আসতে হবে , কারণ আঁধার আলোর রোশনাইয়ে বড়ই কুৎসিত , মেয়েলি পুরুষের মত ধিক্কৃত ৷ ছোট-ছোট পদক্ষেপ ফেলা যাক গুহার অন্ধকারে ৷ মুর্শিদাবাদের লালবাগ শহরের ধারে অবস্থিত এই জেলার একমাত্র সরকারী (রাজ্য সরকার) বিদ্যালয় –নবাব বাহাদুর’স্ ইনস্টিটিউশন্ ; তার পাশ দিয়ে সোজা অনেকটা দূর গেলে পাওয়া যাবে ইচ্ছাগঞ্জ নামের একটি এলাকা –এর খুব কাছেই অবস্থিত আজিমুন্নেশা বেগমের জ্যান্ত সমাধি , কথিত আছে মুর্শিদকুলির কন্যা আজিমুন্নেশার জীবন ছিল দুর্বিষহ ৷ তিনি এক মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হন , অস্বাভাবিকভাবেই এর পথ্য ছিল যে তাঁকে প্রতিদিন একটি করে জ্যান্ত শিশুর কলিজা খেতে হবে ৷ সেইমতো তিনি বহুদিন এই পথ্য নিতেন ৷ ধীরে-ধীরে মুর্শিদ সাম্রাজ্যে ঝড় উঠতে থাকে ৷ খবর জানাজানি হতেই মুর্শিদাবাদকে বাঁচানোর জন্য জামাতা সুজাউদ্দিন মহম্মদের সাথে আলোচনা করে জ্যান্ত সমাধি দেন আজিমুন্নেশাকে , ভুল বললাম , সমাধি দেন ‘কলিজা খাকী’কে ৷

       মুর্শিদাবাদ নামের প্রবর্তক মু্র্শিদকুলি খাঁ ছিলেন একজন ধর্মপরায়ণ , আত্মমর্যাদাবোধসম্পন্ন নবাব –যিনি অন্যায়ের সাথে আপোষ না করে নিজের কন্যাকে জ্যান্ত সমাধি দেন ৷ কোনো নরম ঘাসে পা দেওয়ার পর যেকোনো অনুভূতিশীল যেমন মানুষ দ্রুত পা সরিয়ে নেয় তেমনই নিজের সাম্রাজ্যের পরিত্রাতা হলেও মু্র্শিদকুলি খাঁ পিতৃত্বের নরম ঘাসকে পদদলিত করে ব্যথা অনুভব করেছিলেন ৷ দীর্ঘকাল অবসাদে ভুগে তাঁরই নির্দেশে তাঁকে জ্যান্ত সমাধিস্থ করা হয় কাটরা মসজিদে ৷ সমাধির গহ্বরে প্রবেশের আগে তিনি বলেছিলেন যে তিনি বহু পাপ করেছেন পিতা ও নবাব হিসেবে ৷ তাই পাপস্খলন করার জন্য তিনি কাটরার পিছন দিকের একটি অংশে সমাধিস্থ হতে চেয়েছিলেন , যাতে তাঁর বুকের ওপর দিয়ে অজান্তেই মানুষেরা হেঁটে গেলে তাদের পদধূলিতে নিজের পাপ ধুয়ে যায় ৷ বলা বাহুল্য , সকলে প্রথমবার না জেনেই তাঁর বুকের ওপর দিয়ে হেঁটে যান ৷ এবং সেই পদধূলিতেই এত বছর ধরে তিনি সহানুভূতিগুলো নিজের জন্য আলাদা করে রেখেছেন ৷ হাজারদুয়ারী প্যালেস থেকে বা মুর্শিদাবাদ স্টেশন থেকে আমবাগানের মাঝ-বরাবর রাস্তা দিয়ে ঘোড়ার গাড়িতে চড়ে যাওয়া যায় কাটরায় ৷ অসম্ভব সুন্দর বাংলা ইঁট ও কারুকার্যের দেওয়াল দিয়ে তৈরী দুই উঁচু মিনারযুক্ত (যার ওপর থেকে সমগ্র লালবাগ শহর এবং মুর্শিদাবাদ জেলার বেশ কিছু অংশ দেখা যায় , বহুদিন থেকেই ঐ মিনারে ওঠার অনুমতি নেই) কাটরা মসজিদ এক আলাদা ইতিহসের জন্ম দিয়েছে ৷

       কাটরা মসজিদ থেকে কিছুটা দূরেই অবস্থিত দুর্দশাগ্রস্ত নশিপুরের রাজবাড়ী (যেখানে রাখা আছে রাজবাড়ীর শেষ কিছু সামগ্রী ও স্মৃতি) , কাঠগোলাপ বাগান ও পরেশনাথের মন্দির (একটি প্যালেস্ ও পরেশনাথের মন্দিরকে কেন্দ্র করে চারিদিকে ফুলের বাগান দিয়ে ঘেরা ও দু’টি পুকুর নিয়েই গড়ে উঠেছে এই প্রাসাদোপম বাগানবাড়িটি) , কাছাকাছি অবস্থিত জগৎ শেঠের বাড়ি ৷ কাটরার অপর প্রান্তে আছে তোপখানা (এখানকার একটি বিখ্যাত বিশালদেহী কামান দেখতেই পর্যটকেরা আসে) ৷ বেশ কিছুটা দূরে আছে মোতিঝিল , শোনা যায় যে , এখানকার একটি শক্ত ইঁটের ঘরে (যা ভাঙা যায়নি) হীরে-জহরত আছে , যাঁরা এই সম্পত্তি লুন্ঠনের ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছেন , তাঁরা সকলেই ভয়ানকভাবে মারা গেছেন ৷

       গঙ্গাবক্ষে ভ্রমণ করে গঙ্গার অপরপ্রান্তে খোশবাগের নিস্তব্ধ সৌন্দর্য দেখলে মন খারাপ হওয়ারই কথা ৷ কারণ এখানেই আছে ইতিহাসের পয়লা নম্বর প্রতারক মীর্জাফরের চরম শত্রু সিরাজ-উদ-দৌল্লার সমাধি , আছে আলিবর্দী খাঁ-এর সমাধিসহ আরও অনেকের নির্জন সমাধি ৷ কথিত আছে , আলিবর্দীর সমাধির নীচে মূল্যবান অলঙ্কার থাকায় সমাধি ভেঙে ডাকাতি করারও চেষ্ট হয়েছিল ৷ খোশবাগে এইসব সমাধি ঘিরে আছে সুন্দর বাগান ৷

       মুর্শিদাবাদ জেলার অন্তর্গত লালবাগ শহরটির প্রধান আকর্ষণ অবশ্যই গঙ্গার পাড়ে অবস্থিত হলুদ রঙের দেওয়ালে মোড়া বিশাল প্রাসাদ –হুমায়ুন জাহ্-এর তত্ত্বাবধানে তৈরী ‘হাজারদুয়ারী প্যালেস্ ও মিউজিয়াম’ ৷ আসল হাজারদুয়ারী নাকি গঙ্গাবক্ষে চলে যাওয়ার পরই বর্তমানের এই প্রাসাদ তৈরী করা হয়েছিল ৷ প্রাসাদটি দাঁড়িয়ে আছে কিছুটা হাওড়া ব্রিজের মতো তৈরী কয়েকটি কাঠামোর সাহায্যে , যা বেশ চমকপ্রদ ৷  যুদ্ধের সরঞ্জাম , যুদ্ধে পূর্বে ব্যবহৃত জিনিসপত্র , আঁকা ছবি , নবাবদের ছবি , প্রতিকৃতি , নথি-পত্র , গ্রন্থাগার , দরবার হল , বিশাল ঝাড়বাতি প্রভৃতি নিয়ে সজ্জিত হাজারদুয়ারী প্যালেস্ ও মিউজিয়াম (বি.দ্র. শুক্রবার বন্ধ থাকে মিউজিয়ামের দরজা) ৷ হাজরদুয়ারীর বিশাল চৌহদ্দির ভিতরে আছে সাদা মদিনা , ইমামবাড়া (হাজারদুয়ারীর থেকেও চওড়া এই বাড়ীটি বিশেষ কয়েকটা দিন ছাড়া খোলা হয় না ৷ মহরমে রক্তের বেদনা শোনার জন্যও খুলে দেওয়া হয় এর মূল ফটক ৷ ভিতরে আছে অজস্র ঘর ও কুঠুরি , আছে হজরত মহম্মদের পাঞ্জা ও পায়ের ছাপ নেওয়া শিলা) , বাচ্চাওয়ালী তোপ (ঢাকার বিখ্যাত শিল্পী জনার্দন কর্মকার দ্বারা নির্মিত ১৮ ফুট লম্বা ও ২২ ইঞ্চি ব্যাসবিশিষ্ট এই বাচ্চওয়ালী তোপের ওজন ৭,৭৭৯ সের , এটি ছিল সুলতান ইলিয়াস্ শাহের তোপ ৷ এই তোপ যখন দাগা হত তখন বেশ কয়েকশো কিলোমিটার বা কয়েক মাইল দূর এলাকার সদ্যোজাত অথবা মাতৃগর্ভে থাকা সন্তানের মৃত্যু ঘটত , তাই এর নাম বাচ্চাওয়ালী তোপ) ৷

       বইয়ের পাতা জানিয়ে দেবে মহরমে বুক চাপড়ে রক্তাক্ত হয়ে ধর্মপ্রাণ মুসলিমরা শোকজ্ঞাপন করে হাসান ও হুসেনের প্রতি ৷ কিন্তু ঐ জীর্ণ পাতাগুলো জানাবে সে ব্যথার কথা , জানাবে না আঙুলের চামড়ায় ব্লেড্ ঢুকিয়ে বুকে একের পর এক আঘাতের কথা , জানাবে না এক হিন্দু প্রার্থনাকারী ফর্সা ছেলের কথা যে সেই শোকযাত্রায় মিশে পাঁচ-ছয় ছুরির গোছা বানিয়ে বারবার নিজের বুকে-পিঠে আঘাত করেছিল ৷ পাতাগুলোয় খোদাই বর্ণে লেখা থাকবে না সেই আকুল উক্তি , সেই নভস্পর্শী হৃদয়-বিদারক সুন্দর গান- “কাঁদে রে ফতেমা বিবি / বাতি জ্বালাও জৌলুষে . . . হায় হুসেন হায় / হায় হাসান হায় ৷” বুক চাপড়ানোর যে শব্দ তা কোনো সিডি বা ভিভিডি-তে শোনার থেকে দশবছর ওখানে থেকে শোনার দুঃখটাই বেশি ৷ মহরমের সকালে উঠে বারান্দায় দাঁড়িয়ে দেখতাম ইমামবাড়ীতে নিদ্রাহীন রাত কাটিয়ে রক্তে ভেজা সাদা পাঞ্জাবীর লোকেরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ৷ যখন একসাথে ৪০-৫০জন মানুষ রক্তের এমব্রয়ডারী করা সাদা পাঞ্জাবী পড়ে বুক বাজানোর গর্জন তোলে , তখন আমাদের মত পাশে থাকা দর্শনার্থীদের সারা শরীর কাঁপতে থাকে ৷ মোমবাতি , ধূপ , তাজিয়া , আতর , রক্তাক্ত দেহগুলিতে অনবরত ছেটানো গোলাপ জল ও “কারবালা , কারবালা” গাইতে-গাইতে মানুষের ঢল পৌঁছায় কারবালায় ৷ এখনও কানে সেই সুর বাজে ৷ দুঃখ হয় ফতেমা বিবির একজোড়া সন্তানের অকাল মৃত্যর কাহিনী মনে পড়লেই ! আক্ষেপ থেকে যায় যে , পাঠক-পাঠিকারা শুনতে পায় না বুকে সে আঘাতের পবিত্রতার সুর !

       শুনেছি , হাজারদুয়ারী প্যালেসের ভিতরে রাতের বেলায় নাকি ঘুঙরুর আওয়াজ শোনা যায় ৷ ঐ আসল৯০০+নকল১০০ দরজার রাজবাড়ীর মধ্যে অবস্থিত দরবার হলের ভাস্কর্য শিল্পের মহিমা নিজের ঠোঁটে আওড়াতে পারিনি ৷ কখনও দেখতে পাইনি আমার অতি পরিচিত পুরোনো ইঁটের দেওয়ালের ওপর হেঁটে যাওয়া কোনো ছায়ামূর্তিকে ৷ লালবাগের প্রতিটা গলি পাশাপাশি , যেন তারা একই মায়ের পেটের সন্তান , তারা সকলে নবাব –মুর্শিদাবাদের গর্ভে ৷ যারা এই গলি দিয়ে চলাফেরা করে , তারা বোধহয় খুঁজছে সেই ঘোড়াটিকে যে সিরাজের লাশ নিয়ে ঘুরছে এখনও-তখনও-কখনও !

       মুর্শিদাবাদে আছে ইতিহাসের এক-একটি পাঁজর দিয়ে গড়া ত্রিপোলিয়া গেট , দক্ষিণ দরজা –যার তলা দিয়ে সহজে গলে যাবে নবাবদের দেখতে আসা কয়েকজোড়া চোখ ৷  হুসেন ফিরবে না –ফিরবে না মুসলিমদের গিরগিটি না মারার রীতি ! গিরগিটি ? থাক রহস্য. . . মুর্শিদাবাদ তো জানে , সবাই যদি ‘নাও’ বলে রহস্যের ডালি উন্মোচন করে , তবে ইমামবাড়ায় নবাব-বেগমদের সাথে বসে মহরমের শোকযাত্রা দেখার জন্য উপরের ব্যালকনিতে টিকিট বিক্রী হবে না ৷ ওঁরা যে বড্ড একা -ওঁদের পুত্র-কন্যারাও খুব একা ৷ বিদীর্ণ বুকে তো কেবলই ধাক্কা দিতে থাকে – “এই বেদনার ইতিহাস শুনেছো কি / দেখেছো কি মানুষের অশ্রু / শিশিরে-শিশিরে ঝরে ৷”


বোধনেই যাব (৫০)


বোধনেই যাব
অঙ্কুর কুণ্ডু

                                  রাত পোহালেই বোধন ; মরব না
                                  সিঁথি রাঙিয়ে দরজা রেখো খুলে , চলে যাব ৷
                                 
                                  যেখান থেকে এসেছিলাম , সেখানেই
                                  যাবো ৷ মায়ের পেটে নয় ;
                                  ‘রাত পোহালেই… চলে যাব ৷’
                                  -এখানেই শেষ করেছিলাম গত রাত ৷

                                  আমার সঙ্গেই হেঁটেছিলে , দেখেছিলে
                                  বাতাসের প্রতিকূলে কুকুরের মত
                                  হাঁপিয়ে ছিল কাশফুল ৷ তারপর সূর্য
                                  যত বেড়েছে , তুমি দূরে চলে গেলে . . .
                                  আকাশের গায়ে তখনও অসহ্য নীল -
                                  কমিউনিজমের বিষছবি দেখিয়েছিল ৷

                                  জন্মলগ্নে বেড়া ছিল শিশুদের পাশে -
                                  আমি যাব সেখানে ছাগল ঢোকাতে ,
                                  কিছু কচি ঘাস… কিছু দুধ…
                                  বোধনের দিন কোথাও বাজে বিসর্জনের সুর ৷
                                  আমার ছায়া দেবী হয়ে ত্রিশূল বিঁধে ছিল
                                  অসুরের বুকে , ওকে সঙ্গ দিতেই বুক পাতব
                                  আমি ৷ রাত পোহালেই বোধন ; মরব না -
                                  সিঁথি রাঙিয়ে দরজা রেখো খুলে , চলে যাব ৷


                                 

Tuesday, 26 August 2014

বৃষ্টির জলে নিভে গেল চোখ (৪৯)

বৃষ্টির জলে নিভে গেল চোখ
অঙ্কুর কুন্ডু


                     কাল রাত বারোটায় বা বারোটা পাঁচে কিংবা বারোটা দশে
                     . . . বারো-কে যখন ছোট কাঁটা ছুঁয়ে ছিল , হঠাৎ
                     তখন নেমেছিল বৃষ্টিটা বা নেমেছিল বৃষ্টিগুলো
                               নুপুরের ঝুম্-ঝুম্ শব্দে অথবা রাস্তায় হাঁটা
                               জীবন্ত মানুষের মাথা বেয়ে ঝম্-ঝম্ শব্দে ৷

                     দালান গিয়েছে ভিজে , চারিদিকে জুঁই-এর গন্ধ ,
                     দালান রয়েছে একা , চারিদিকে জুঁই-এর গন্ধ ,
                     প্রশ্বাস নেই ! ভিজে ঝোপ থেকে কিছু নরম ডানার মশা
                               দুর্বিপাকে পাক খাচ্ছে সাড়ে তিন হাত উঁচুতে
                               ফ্যাতাড়ুদের মত ৷ কাল বৃষ্টি হয়েছিল অবিরত ৷

                     চার-পাঁচটি পিঁপড়ে আরও পাঁচ-ছয়টি পিঁপড়েদের
                     সাত-আটটি পিঁপড়ে ডাকতে বলে এগিয়ে গেল -
                     নরম মাটির ওপর ওদের পা কোনো ছাপ রাখেনি ,
                               অথচ ওদেরও শরীরের ওজন আছে
                               মানুষের মত –তবু বৃষ্টি ওদের অস্বীকার করেছে ৷

                     বৃষ্টিটা মাটির সাথে আটকে আছে এবং
                     রোদের সাথে আড়ি করেছে আজ সকালে , অথবা
                     আবার আজ ঝরবে বলে গুমরে আছে মেঘের কোলে ,
                               কাল এভাবেই গুমরে ছিল বাউল ঐ দালানের
                               ঐ দেওয়ালে ; আজও আছে ঐ দালানের ঐ দেওয়ালে ৷

                     একতারাটি হাতের কাছেই , হাতের পাশেই ,
                     তবু আঙুল থেকে দূরে ৷ বাউল আর বাঁধবে না সুর
                     তাই তো গেল সরে –
                               নিঃসঙ্গতা বোধহয় এভাবেই জীবন কেড়ে নেয় ,

                               যেমন হঠাৎ বৃষ্টি এসে চোখ বুজে দেয় ৷

ফিরিয়ে দেব আমি (৪৮)

ফিরিয়ে দেব আমি
অঙ্কুর কুন্ডু


                        কথা হয়েছিল সাদা শঙ্খধ্বনি ঘামরূপে বয়ে যাবে
                        তোমার-আমার লোমকূপে , যেখানে হাত পাতবে
                        শ্যাওলা মেঘ অন্তরীক্ষের সমীপে –
                                     মুষ্টিবদ্ধ কিছু সব্যসাচী এগিয়ে যাবে
                                     কোনো এক এসপ্ল্যানেডের মোড়ে ,
                                     ছুঁয়ে যাবে প্রতিটা মাথা রক্তক্ষয়ী আদরে ৷
                        তোমাকে . . তোমাকে . . তোমাকে প্রশ্ন করেছি বহুবার –
                        একবার উত্তর পেয়েছি , শর্ত দিলে কিছু পাওয়ার
                        আকাশ ফুঁড়ে বলেছিলাম আমি আছি !

                        পুরানো অনেক পাথর ফেটে গেছে কবরখানায়
                        কেউ মস্তকহীন খবর , যারা আছে তারা হাঁপায়
                        কাল যারা চলে গেল তারা যাযাবর –
                                     বেড়ি-বাঁধা কতিপয় পা হেঁটেছিল
                                     দৃপ্ত কন্ঠের মাঝে বিরতি না রেখে
                                     যাদের শরীর পড়ে ছিল সাদা থানে ঢেকে ৷
                        বহু রাত আমি একা হেঁটেছি কু-য়া-শা-র সাথে –
                        আলতো পা-এর ভরে , ক্লান্ত চোখ প্রতি রাতে
                        দেখেছে ফুটপাথ ক্রমশ যাচ্ছে সরে ৷

                        আঁতুড়ঘরে সময় নষ্ট হয়েছে অনেক
                        কান্নার ডাকে , দরজার বাইরে প্রত্যেক
                        মানুষ একজনকেই খোঁজে . . . কাকে !
                                     হাতে যারা স্বপ্ন বন্দী করেছে
                                     ও হাওড়া ব্রিজের দিকে তাকিয়ে
                                     বুক বেঁধেছে , গঙ্গার বুকে তারা ভেসে গেছে ৷
                        রেললাইন ধরে এগিয়েছি দিনের আলোয় –
                        কয়েকটি পাথর সাথে নিয়ে , চারিদিকে প্রলয়
                        তবু ঐ শরীরটা মরেছে জন্ম দিয়ে !

                        কথা হয়েছিল জানালার বাইরে চোখ রেখে
                        রাতটা দেব কাটিয়ে , ঘাড়ের ওপর মুখ ঢেকে
                        যারা চলে গেল সকালের আগে তারাই দিল নাড়িয়ে !
                                     ব্যাগ-কাঁধে স্কুলে ছুটির ঘন্টা
                                     না মেনে দৌড়ায় কিশোর
                                     লাশগুলো রাত চায় , সে চায় ভোর ৷
                        অতর্কিতে অল্প আলো ধাক্কা দিয়ে –
                        গড়তে চায় সমভূমি , সব কান্না সাথে নিয়ে

                        ভোরবেলায় আগামী ফিরিয়ে দেব আমি !

গ্লুম : নিরাশ্রয়ী ধাক্কা (৪৭)


       
       গ্লুম : নিরাশ্রয়ী ধাক্কা
          অঙ্কুর কুন্ডু


বুকের পলকা চুল অতি ক্ষীণ ,
বুকের পশলা চুল আরও নিবিড় ;
       কালো পিচের রাস্তায় দু’একটা জালিয়াৎ ধরা পড়ে ৷
দু’পাশে যদি গাড়ি চলে যায়
বুকে হাত দিয়ে দেখি . . . আছে তো !

বাথরুমে বসে ভাবি বয়স হয়েছে অনেক ,
বাথরুমের দেওয়াল ধরে পা তুলতে ভয় পাই ,
প্রস্রাব দিয়ে ঠিকমতো রং ছড়াতে পারিনা ;
অন্ দ্য স্পট্ ঢাকনা ছুঁড়তে পারিনা ;
       সবাই কুকুর নয় , অনেকে নিশ্চয় কুকুর ৷
       অনেকে কুকুর নয় , কেউ একজন ছোট্ট বাচ্চা ৷
যদি হঠাৎ লোডশেডিং হয়
আমিও হঠাৎ ঘাড় তুলে দেখি আলো নেই
আবার নীচে তাকাই যখন , বুঝি ব্যথা বসেছে
ঘাড়ে , আলতোভাবে টিপে দেখি . . . আছে তো !

নিভৃতে আলো নড়ে , আলো দাঁড়িয়ে থাকে
নিভৃতে চোখ কাঁপে , চোখ কেঁপে যায় ;
আজকাল –বয়সটাও নিস্তব্ধ -
কোনও বছরে জ্বলে না মোমবাতি , অথচ
জ্বলছে নুড়ো , গিলছে মুড়ো , আগের মতোই
রাস্তা হচ্ছি পার ঠুঁটো জগন্নাথের মতো ;
       ওয়েক-আপ্ অ্যালার্ম গড়িমসি করবে প্রতিদিন ৷
       স্নুজিং টাইম বেড়ে চলবে আস্তে আস্তে ৷
       আসতে আসতে ভিড় বাড়বে আস্তে আস্তে নয় ৷
দুঃখ থাক্, হাসি থাক্ , চোখে জল থাক্ ,
থাক্-থাক্ করে সাজানো জল
অঝোর ধারায় পড়ে যায় –
ঠিক বৃষ্টি নয়
বরং পাগলের নাক ঝাড়ার মতো -
আমিও ঝাড়তে গিয়ে দেখি . . . আছে তো !


পেপারওয়েট স্থির , পেপার স্থির ,
লেখার আঙুলগুলো নড়বড়ে , লেখা
মুষ্ঠিগত হয়না , কেবলই লাফায় ,
পালায় পিংপং বলের মত –সামনে ,
পেছনে হাত দিয়ে ডাকি
শরীরে ঘূর্ণিঝড় , কেবলই বমিভাব ;
পেছনে হাত দিয়ে ডাকি
শরীরে প্রতীপ-ঘূর্ণবাত , তাই বমি-বমিভাব ;
       কলকাতা স্পিন করছে , কখনও অফ্ ,
       কখনও অন্ , সবসময় গো অ্যান্ড্ গন্ -
       তাই এসেছে দুসরা , অনেক ভেল্কি ;
       উল্কি আর রইলো না শরীরে , শরীর বিক্রি হয়েছে ৷
এখন তাই বুক দেখতে ভয় পাই ;
আঁকতে ভয় পাই ; শুধরোতে ভয় পাই ;
ভয় পাইনা ঐ রাস্তার ধারে মনীষাময়ী হতে
এবং তখনই চেঁচিয়ে বলি
আমর খাবার চাই , ভিক্ষা নয় ৷
আমার জল চাই , বৃষ্টি নয় ৷
আমার চাই , চাই-ই , ‘চাঁই’
শরীরে হাত দিয়ে দেখি . . . আছে আর নাই . . .

কলকাতা -জানালার বাইরে কত কথা (৪৬)

কলকাতা -জানালার বাইরে কত কথা
অঙ্কুর কুন্ডু
             
         জানালাটা চোখের মণির ওপর গরাদ দিয়েছে ,
         বিকেলের শেষ রোদে কলকাতা আরও একজোড়া
         চোখ পেয়েছে –বিকৃত ; কিছুক্ষণ পরেই সন্ধ্যা হবে . . .
         প্রসবযন্ত্রনার মতোই ছটফট করবে পিচের রাস্তা ও ট্রামলাইন !
                 কলকাতা শেষ কোন রাতে প্রসব করেছে !
                 শেষ কবে এই শহর শিশুর মতো খেলায় মেতেছে !
         রামদুলালের বিপরীতে মহিষের মোটা দুধ
         পাওয়া যায় . . . কলকাতা শহরে দুধ ও জলের বিতর্ক
         নেই ; প্রশ্ন একটাই –যে মহিষ দুধ দেয় ,
         সে কি মোটা ?

         এসপ্ল্যানেডের মোড়টা পেরিয়ে সেদিন দেখলাম
         রাস্তার এককোণে জল উপচে পড়ছে ; কলকাতা
         বৃষ্টি ভুলেছে বেশ কয়েকদিন . . .
         পৌরসভাও আগুন নেভাতে জল করেছে বেশ অনেকটা !
                 কলকাতা বিধবা নারীর মতোই লোভী নিরামিষাশী !
                 সে একবারই জ্বলতে চেয়েছিল সহমরণে !
         মাঝরাতের রাস্তা নিস্তব্ধ ; যেন কলকাতা পূর্বাভাস পেয়েছে –
         বিদ্রোহীরা বিশেষ বিশেষ জায়গায় কেরোসিন ঢেলেছে , তাই আজ
         ভোরর আগে একটিও হর্ন নেই ; প্রশ্নটা উঠেই এল ,
         উপচে আসা জল কি দীর্ঘদিনের পচা কেরোসিন ?

         রাত এলেই শহরটা যায় বদলে ; ফিরে আসে
         একাকীত্ব পাখিদের ঘরে ফেরার মতোই ৷
         আগামী সকাল কলকাতার ক’জন মানুষই বা দেখবে -
         যারা রইলো তারা . . .
                 কলকাতা শহরের ট্র্যাজেডি গলা কঁকিয়ে দেয় !
                 দেখি সুলগ্নাও হাঁটু মুড়ে মাথা নীচু রেখেছে !
         যে শহর অফিস-টাইমে অভিশাপ কুড়োয় -
         সেই শহরে শুনশান রাতে একটা গাড়ী ছুটে যায় ,
         ভোরের আলোয় দেখি ঠান্ডা বাতাসে খই উড়ে যায় ,

         এই কলকাতা কখনও আবার চোখ ভাসিয়ে দেয় !

আশ্রয় –শেষ সাশ্রয় (৪৫)

আশ্রয় –শেষ সাশ্রয়
অঙ্কুর কুন্ডু


               সকালে ঘুম ভাঙলেই কানে আসে ঐ বুড়ো ফেরিওয়ালার ডাক ৷ অত্যন্ত কর্কশ
               এবং সরস; অমুক চায় , তমুক চায় করে হাঁকে !
                         
                          জানালার মশারিতে আঙুল রেখে
                          খেলি ‘ইকির-মিকির-চাম-চিকির’
                                “খেলনা নখ চায় , এই একপিস্ মশারির দড়ি”
                          ‘চামের কাঁটা’
                          লোকটির আঙুলটা দেখতে ইচ্ছে করছিল ,
                          ওর আঙুলে কি মোটা চামড়া
                          সলগ্নার পায়ের কুলাটির মতোই ?
                                “খেলনা গন্ডার চায়”
                          ও অনার্যগোষ্ঠী !
              
               সকালে ঘুম ভাঙতেই কানে আসেনি ঐ বুড়ো ফেরিওয়ালার ডাক ৷ তার
               আগেই নীচে দাঁড়িয়ে ছিলাম ওকে দেখার জন্য ! ও সন্তানহীন !
                              
                                “কিছু নিবেন ?”
                          (না –বলব ভেবেও বলিনি)
                          ‘হ্যাঁ , মশারির দড়ি কত ?’
                                “ও নাই , আজ মুখোশ এনেছি”
                          (কেন –জিজ্ঞাসা করিনি)
                          ‘গতকাল তো ছিল !’
                                “আজও আছে , বাড়ির মশারিতে”
                          গতকাল রাতে ডিভোর্স পেপার পেয়ে
                          মুখ দেখিনি আয়নায় ; মুখোশটা নিলাম কিনে !
              



               সকালে ঘুম ভেঙে শুনি এক ফেরিওয়ালার ডাক ৷ ও যে নয় , তা এই
               বসা স্বর শুনেই বুঝেছি ৷ নীচে গিয়ে দেখি সেই বুড়ো ৷
                         
                          ‘ঐ তো মশারির দড়ি
                          সুতো ওঠা , বেআব্রু শরীর কেন ?’
                                “বউয়ের গলা থেকে টানতে গিয়ে”
                          বউ তো আমার
                          ছিল
                          ‘তোমার বউ ভালো আছে ?’
                                “গত পরশু অনেকক্ষণ ঝুলে
                                কালো ও নীল . . . ভালো আছে ,
                                গতকাল বলিনি ছোঁয়া লাগে পাছে”

               সাশ্রয় টিকিয়ে দিল বুড়োটার শেষ অজানা আশ্রয় –বউ ও মুখোশ ৷
               ওর চেনা আশ্রয় কোমরে গোঁজা ! ডিভোর্স হল , পরের সকাল

               এল ; নীচে না নেমে ‘. . .মজুমদার . ধেয়ে এল. . .’