Tuesday, 26 August 2014

আমার চোখে নারী : আমার জন্মরাশি (৪৪)

আমার চোখে নারী : আমার জন্মরাশি
           অঙ্কুর কুন্ডু

ভোরের স্নিগ্ধ শীতল আলোয়
        একবিংশ শতক কালো
আজও পুরুষ-চোখে নারী
কেবলই কাড়াকাড়ি
        ‘হাতে তরবারি’
নারীর বিভাজন
          /
         জননী
         জায়া
সহবাসে থাকা পেটের শিশু বেড়ছে
          +
    ধর্ষিতা নারী
স্ফটিক বাবুর বাজার থলে বা প্রকাশের পকেটে
সর্বত্র দোদুল্যমান নারী ,
পার্কের প্রেম – অন্তত নিতম্বে একটু স্পর্শ !
অথচ
ঝাঁসির রাণীর যুদ্ধ ছিল ব্রিটিশদের বিরুদ্ধে ,
যদি হত আজকের জিভ-ঝোলা পুরুষের সাথে –
প্রকৃতই বলা যেত
‘খুব লাড়ি মারদানি,উয়ো তো ঝাঁসিওয়ালি রাণী থি’ !
আজ ৮ই মার্চ ; আন্তর্জাতিক বিশ্ব-নারী দিবস -
আজই কি নাড়ি-টেপা হবে লীন !
নাকি কোনো এক খালপাড়ে – ফোটোগ্রাফার
তুলবে উলঙ্গ নিথর দেহ যৌনতার প্রচ্ছদের জন্য !
নাকি আজই পৃথিবী বলবে,’কন্যাসন্তান হল
আগামী সময়ে আমার মা , আমারই জন্মরাশি’ !




অবসেসড্ –বাঙালীর অসুস্থতা (৪৩)

অবসেসড্ –বাঙালীর অসুস্থতা
অঙ্কুর কুন্ডু

    ট্যাক্সি ধরলাম অফিসের সামনে থেকে ৷ ক্লান্ত, তাই উঠেই সিটে শরীরটা এলিয়ে দিলাম ৷ অনেক রাত হয়ে গেল আজ ৷ হঠাৎ ড্রাইভারের সিটের পিছনে লেখা ট্যাক্সির নম্বরটা চোখে পড়তেই চমকে ঊঠলাম . . . ‘WB40M7010’ –খুব বেশিদিন হয়নি; এক মাসে টানা তিনবার এই একই ট্যাক্সিতে অফিস থেকে বাড়ি ফিরেছি ৷ ‘ট্রিপল্ জিরো’-র ট্যাক্সি , মজা করে ঐ বৃদ্ধ ড্রাইভারটিকে এই নামেই ডাকতাম ৷ ড্রাইভারটির ব্যবহারে আমি এতটাই ‘অবসেসড্’ ছিলাম যে তাকে চিনতে ভুল করতেই পারিনা ৷  কিন্তু সবচেয়ে অবাক হলাম এটা দেখে যে ঐ ড্রাইভারের সিটে আগেকার সেই কালো বৃদ্ধটি নেই, এক পরিমার্জিত সুদর্শন যুবক ৷ কিন্তু সেই বৃদ্ধটি একদিন বলেছিল যে তার নিজের অসুস্থতার মুহূর্তেও সে এই ট্যাক্সিটি চালায়, কোনও অবস্থাতেই সে ট্যাক্সিটাকে হাতছাড়া করে না; তবে আজ কেন !!! অনেক সম্ভাবনা মনে আসতে শুরু করলো –হতেই পারে তার কোনও আত্মীয়কে সে ট্যাক্সিটা চালাতে দিয়েছে , আবার এও হতে পারে যে আজ সে দুর্ঘটনায় আক্রান্ত ! মন ও মুখের সন্দিগ্ধ-চিহ্নগুলি মুছতে সাহায্য করলো ড্রাইভার-সিটের যুবকটি ৷ আমার প্রশ্নের উত্তরে সে বললো যে ঐ বৃদ্ধটির স্ত্রী নিউমোনিয়ার গভীর ঘোরে কাবু , তাকে বাঁচাতে গেলে দরকার অনেক টাকা ৷ তাই সেই বৃদ্ধটি ট্যাক্সি বেচে দিয়েছে ৷ আমি মনে মনে ভাবলাম, বৃদ্ধটি তো আমাকে বলেছিল যে নিজের অসুস্থতাতেও সে ট্যাক্সি চালাবে ৷ কিন্তু আজ যে তার স্ত্রী . . .

    সারাদিন ইন্টারনেটে নিউমেরোলজি নিয়ে গবেষণা করতে করতে মাথা ব্যথা শুরু হয়ে গেছে ৷ হঠাৎ ট্যাক্সির নম্বরটি দেখে খেলা করতে ইচ্ছা হল, উল্টে-পাল্টে দেখলাম ‘M010704..’ ! আরে, এ তো আমার মেয়ে মিনির জন্ম-তারিখ, আজ পয়লা জুলাই,২০১৩ ৷ অতএব, মিনির জন্য গিফট্ কিনতে হবে ৷ ট্যাক্সি থেকে নেমে ট্যাক্সিটিকে এগিয়ে আনতে বলে দূরের একটি দোকান থেকে পুতুল কিনলাম ৷ ফোনটা বেজে উঠলো ৷ অর্জুনের ফোন , ও গোপালের মোবাইল নম্বরটা চাইছে ৷ প্রথম সাতটা ডিজিট ঠিকমতো শুনতে পেলেও , শেষ তিনটি ডিজিট নেটওয়ার্কের বদমায়েশিতে বারবার বলতে হচ্ছে ; চিৎকার করলাম ‘শূন্য শূন্য শূন্য’ ‘তিনটে শূন্য’ ‘ট্রিপল্ জিরো’ ৷ পাশ ফিরে দেখলাম যে সেই বৃদ্ধ ড্রাইভারটি হাসিমুখে রাস্তার মাঝ বরাবর হেঁটে আমার দিকে এগিয়ে আসছে . . . আর আসছে না ৷ তার আগেই আমাকে অনুসরণ করা আমার তথা বৃদ্ধটির ট্যাক্সি তারই দেহকে রক্তাক্ত ও নিথর করে দিল ৷ পুরোটাই দুর্ঘটনা ৷ তবে কি সেই বৃদ্ধটি আমার কোনো ক্রিয়া-কর্মের প্রতি ‘অবসেসড্’ ছিল !!! মিনির জন্মদিনের গিফট্ হাতে একটাই কথা মনে এলো : ‘আমার অসুস্থতায় ট্যাক্সি ছাড়বো না’৷

ক্লান্ত মুখ (৪২)


১লা বৈশাখ (৪১)

১লা বৈশাখ
অঙ্কুর কুন্ডু

বসন্ত বিদায় নেওয়ার আগেই গ্রীষ্ম ঢুকে পড়েছে ৷ এভাবে হঠাৎ বিদায় নেওয়াই হল অকাল প্রয়াণ ৷ বারো বছরের ঋজুর জীবনে সেরকম কিছুই ঘটেনি ; তাও রোদের তাপে বসে সামনের বাড়ির দিকে চেয়ে আছে ! আগামীকাল , পয়লা বৈশাখে ঋজুর বন্ধু সুকৃতি নতুন পোশাক পরে ঐ বাড়ি থেকেই বেরোবে ! ঋজু নিজের ঘরে ঢুকলো ৷ গত পরশুও ঋজু বকা খেয়েছিলো রোদে ঘোরার জন্য ৷ আজ মা বকবে না , মা-এর মন . . . মন খারাপ !


বাবা সংসার ত্যাগ করেছে ৷ সম্বল হল মামাবাড়ি ও মা-এর সেলাই মেশিন ৷ মেশিনেই এইবছর ঋজুকে তার মা নতুন জামা বানিয়ে দিয়েছে ! গতকাল সকালে মা-এর স্ট্রোক , তারপরই পঙ্গুত্ব ! মা আর কোনওদিনই বকবে না ৷ নতুন জামা সেলাই হবে না ৷ মানুষ মারা গেলে নিঃসঙ্গতা আসে ; কিন্তু বেঁচে থেকেও তাকে না পাওয়া . . . ঋজু তাই একলা ! এরপরের সব বৈশাখ তার ১লাই , সকলের মতো পয়লা নয় !

Sunday, 24 August 2014

সুনীল সাগরে - নোনাজল ছুঁয়ে আছে (৪০)


সুনীল সাগরে - নোনাজল ছুঁয়ে আছে
                 অঙ্কুর কুন্ডু

ফিরতি চোখ এখনও বলছে হেসে -
আজ শুভ জন্মদিন ! ফেরারী পলক
       ঝিকমিকিয়ে তাকে চায়ছে -
       যে কাদার মধ্যে জলছবি আঁকছে !
ঐ বিছানার চাদর আজও কুঁচকে , এখনও চেয়ার ফাঁকা ,
ফেরার দিনেও কোথায় যেন সে এপিটাফ লিখছে একা !

গত রাতে নীরা এসেছিল স্বপ্নে ,
কিছুক্ষণ তাকিয়ে থাকা. . . সাথে এক জ্বলন্ত সিগারেট -
       ঠোঁট বুজে ছিনিয়ে নিল নীরাকে ,
       মদের তীব্র গন্ধ নীললোহিতের কলমে আটকে. . .
গোলাপের শুভেচ্ছা কাঁচা-পাকা চুলকে চামড়ায় অটুট রেখেছে ;
অথচ এক রজনীগন্ধার শুভ্র চাদর ক্রমশঃ পাপড়ি ঝাপটাচ্ছে !

আজ তবু ‘রেলব্রীজ একা’ !
পাথরের সাথে রেললাইনের সাক্ষাৎ ভুলে
       রেলগাড়ি চলেছে ফাঁকা ৷ পিছিয়ে পড়েছে স্মৃতি ,
       চলে গেছে সূর্য অস্তাচলে ৷
গভীর রাতে এলোমেলো নিস্তব্ধতা জড়িয়ে -
সিক্ত অভিনন্দন -বেদনার রিক্ততা এড়িয়ে !

       তুমিও কথা রাখোনি ; শেষ হয়েছিল আশি পাওয়ার সাধও !
       তাই , সুনীল সাগরে নোনাজল ছুঁয়ে আছে আজও !

? ? ? (৩৯)


বিবর্ণ স্বপ্নের হাতছানি (৩৮)


বিবর্ণ স্বপ্নের হাতছানি
      অঙ্কুর কুন্ডু

মানুষের ভিড়ে কত চেনা আগন্তুকের ভিড় ।
চেনা অথচ আগন্তুক !
স্বপ্নের খাঁচায় এরাই ছিল পোষ্য
এরাই ছিল আলাপচারিতার বন্ধু
এরাই বেঁধেছিল আমার স্বপ্নের মই
আমরা ভাসিয়েছিলাম ইচ্ছে-তরী
আলাপ-আলোচনার গভীর স্বচ্ছ সলিলে
তবে আজ সেই ‘আমরা’ শুধু ‘আমি’
গভীর স্বচ্ছ সলিলে বাসা বেঁধেছে
হাজার রঙের ঘোলাটে স্বপ্ন ।
যারা একসাথে আগে ছিল ,
আমার চক্ষু-শ্রাবণধারায় তারা বিদায় নিয়েছে ।
আমরা ছিলাম বিবর্ণ সাদা –
পরিষ্কার ,স্বচ্ছ ,অমলিন ভালোবাসায় পূর্ণ ।
আজও তারা সাদা ;কিন্তু
আমি রং মেশানো এক তুলি –
যার ছোঁয়ায় সকল রং নিজের গন্তব্য খুঁজে পায় ।
আর ,আমি একা হয়ে থাকি এক বাটি জীবনে ।
একাকীত্বের জীবনে যেন আমি একলা কাঁচঘরে
বিফল ডাক আজ যেন স্বপ্নবন্ধুর অগোচরে
হয়তো তারা দুঃখ পেয়েছে
হয়তো তারা সুদূর আকাশে কাঁদছে
আমার রঙিন লোভের প্রত্যক্ষে
তাও ,আমি চাই তারা কাঁদুক
যদি সেই শ্রাবণধারায় বিবর্ণ হতে পারি !
হয়তো তারা ক্ষুব্ধ আজকে –
তাই সূর্য রূপে কৃষ্ণচূড়ার ফাঁকে
জ্বলছে অগ্নিশর্মা হয়ে ।
তাও ,আমি চাই
সেই রাগের আগুন জ্বলুক ,
পুড়িয়ে শুদ্ধ করুক আমাকে ।
বাড়িয়ে দিক তাদের হাত ,তাদের দেহ ।
আমি আলিঙ্গন করতে চাই ।
আমরা আর আগন্তুক নই ।