Thursday, 17 July 2014

আমি আমাকে জানি (১৯)


                             আমি আমাকে জানি
                                          অঙ্কুর কুন্ডু

       প্রখ্যাত ইংরেজ দার্শনিক অভিজ্ঞতাবাদী জন্ লক্ ছিলেন ‘ট্যাবুলা রেজা’-র প্রবর্তক ৷ এই ‘ট্যাবুলা রেজা’ কথাটির অর্থ হল – ‘জন্মের পরে শিশুদের মন থাকে অলিখিত পরিষ্কার সাদা কাগজের মতো বা স্লেটের মতো’ ৷ এরপর থেকেই শুরু হয় কাটাকুটি খেলা , সাদা শূন্যস্থানকে রঙ্-বেরঙের ঘটনা দিয়ে ভর্তি করার খেলা ৷ সমস্যাটা অঙ্কুরিত হতে শুরু করে ঠিক এই সময় থেকেই ; কারণ , মানুষের মন থেকে এই শূন্যস্থান পূরণের মতো ঘটনার অবলুপ্তি ঘটেনা , কোনও রবার দিয়ে তা মোছা যায়না অথবা মনের মনের মধ্যে ‘ডিলিট’ অপশন্ থাকেনা ; ফলে সেগুলি মনে থেকে যায় লুপ্তপ্রায় অঙ্গরূপে ৷ এবার প্রশ্ন হতে পারে যে , মনে থেকে যাওয়া সকল ঘটনা তো নিরপরাধ হয়না , অপরাধমূলকও হতে পারে ; নিরপরাধ ভালো ঘটনা মনকে উচ্চাসনে উন্নীত করে , অপরাধমূলক খারাপ ঘটনা তাহলে মনের মধ্যে বাসা বেঁধে কী করে ? এর দুটি ঊত্তর হতে পারে ৷ এক, সামাজিক মূল্যবোধের মাধ্যমে খারাপ ঘটনাকে বিশ্লেষণ করে এর তথাকথিত সুফল ও কুফল সম্বন্ধে ওয়াকিবহাল হয়ে ভোকাল কর্ডকে টোকা দেওয়া , যাতে সেই খারাপ ঘটনাগুলির বিরূদ্ধে সোচ্চার হওয়া যায় ৷ দুই, সামাজিক মূল্যবোধকে অবচেতনায় কারারুদ্ধ করে ভোকাল কর্ডকে টোকা না দিয়ে ,দেহের শিরা-উপশিরায় ঐ অপরাধকে ছড়িয়ে দেওয়া , এবং এই সবকিছুই থাকে সৃষ্টিশীল মানুষের হাতে ৷ এভাবেই মানুষ বিবর্তিত হয় ‘অপরাধী’ ও ‘প্রতিবাদী’ চরিত্রে ৷

       আমাদের একটি সহজ সমীকরণ বুঝতে হবে , বলা ভালো, যুঝতে হবে ৷ কারণ বর্তমান সমাজ ‘বুঝে এগিয়ে চলা’-র বদলে ‘না বুঝে ভেসে চলা’ পদ্ধতিতেই বিশ্বাসী ৷ এইজন্য আমি গ.. খর্বিত , কারণ আমি মানুষ ! চেতনা , কন্ঠ ও স্বর সামাজিক মূল্যবোধ প্রদর্শনের তিনটি স্তম্ভ ৷ কারও চেতনা ১৮০ডিগ্রীতে থাকে , কারও আবার -১৮০ডিগ্রীতে –তবে থাকে অবশ্যই ৷ চেতনা যখন কন্ঠকে সুড়সুড়ি দেয় , তখনই উৎপন্ন হয় কন্ঠস্বরের ৷ তবে সেই কন্ঠস্বর যে সর্বদা চেতনারই হবে , তা নিঃসন্দেহে বলা যায়না , এই ব্যাপারে পরে আলোচনা করব ৷ প্রথমে জানা যাক্ , ‘চেতনার কন্ঠস্বর’ বলতে কি বোঝায় ! অধিকাংশেরই উত্তর হবে প্রতিবাদ ৷ কিন্তু চেতনার কন্ঠস্বর সর্বদা প্রতিবাদ হয়না , কোনো কোনো ক্ষেত্রে প্রতিবাদ বাদ হয়ে যায় ৷ উদাহরণস্বরূপ ধরা যাক , যখন স্বামী তার স্ত্রী-র সাথে যৌন সংসর্গে লিপ্ত হয় তখন সেই মুহূর্তের প্রতিটি ভাঁজে চেতনা জড়িয়ে থাকে , এবং তারই কন্ঠস্বররূপে জন্ম নেয় এক শিশু, যে কিনা আগামী সমাজে মূল্যবোধের প্রতীক ৷ এই কন্ঠস্বরটি সমাজের কোণায় কোণায় ছড়িয়ে পড়বে নাকি ফেরত আসবে কোনো প্রতিধ্বনি হয়ে , তা সময় ঠিক করবে ৷ অর্থাৎ সেই শিশু বড়ো হয়ে সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে  , নাকি দিনের শেষে নিজের আখের গুছিয়ে বাড়ির দোরে ছিটকিনি তুলবে , তা পরবর্তীকালে বিবেচ্য এবং তার ওপরেই নির্ভর করবে এই ভবিষ্যত আদতে ‘বেণুবনে মুক্তো ছড়ালো’ নাকি নতুন মুক্তোর সন্ধান দিল ! অতএব , সামাজিক মূল্যবোধ আহরণ প্রক্রিয়াটি মন্থর এবং সময় ও যোগ্যতাসাপেক্ষ ৷ এটা কোনো স্বপ্ন নয় যে , ঘুমালাম , স্বপ্নে দেখলাম মূল্যবোধ দরজায় দাঁড়িয়ে এবং দু’মিনিট পরে পেয়ে গেলাম , ঘুম ভাঙলো , ভুলে গেলাম ৷ সামাজিক মূল্যবোধ আহরণ প্রক্রিয়াটি একটা সুপরিকল্পিত সফল সিনেমার মতো ; যার শ্যুটিং চলল অনেকদিন ধরে , তারপর এর দৃশ্যায়ন হল , দর্শকরা খুশি হল , ২৫-৭৫-১০০দিন চলার পরেও মানুষজন সেই সিনেমাকে আগামী বেশ কয়েকবছর মনের মণিকোঠা থেকে সযত্নে স্মৃতির চিলেকোঠায় তুলে রাখলো ৷ চেতনার কন্ঠস্বর দু’রকমের হতে পারে  -অপর্যাপ্ত জীবন এবং অপরিমেয় জীবন ! হঠাৎ কন্ঠেই আটকে যেতে পারে , আবার মানুষের মনে আটকে যেতে পারে ! ‘কেউ কথা রাখেনি’র আক্ষেপ থাকতে পারে , আবার ‘রূপালি মানবী’ হাত ধরতেও পারে !

       এবার একটু বাস্তব সমাজে চক্ষু-কর্ণ-নাসিকা-জিহ্বা-ত্বক চালনা করা যাক ৷ কবিগুরুর ‘বিন্দুতে সিন্ধু দর্শন’-এর অপব্যবহার যে আমাকে এভাবে করতে হবে , তা স্বপ্নেও ভাবিনি ৷ গন্ডগোলের সূত্রপাত ক্ষুদ্রতায় ৷ পাড়ার এক মদ্যপ সন্তান তার বাড়ির উঠোনে নিজের মা-কে বিনা কারণে বেধরক মারছে ৷ সেই মা সাহায্যের জন্য চিৎকার করছে ৷ কিন্তু কেউ এগিয়ে এল না ৷সবাই নিজেদের বাড়ির ছাদে ও বারান্দায় দাঁড়িয়ে দু’-চারটে ‘আহা-উহু’ হাঁক ছেড়ে ব্যাপারটাকে উপভোগ করছে ৷ তারপর আগামী দু’দিন পাড়ার প্রতিটা বাড়িতে ঐ ঘটনা নিয়ে চর্চা হতে হতে চচ্চরি তৈরী হয়ে গেল ৷ হঠাৎ সেই মদ্যপ ছেলেটি সামনের বাড়িতে ইঁটের টুকরো ছুঁড়লো ৷ সেই বাড়ির লোকেরা রে-রে করে ছুটলো তাকে মারতে ৷ অথচ ছেলেটিকে সামনে পেয়ে মুখেই বকম্-বক্ করে তাকে ছেড়ে দিল ৷ যদি এটাকে সামাজিক মূল্যবোধ বলি , তবে স্বার্থপরতা কাকে বলে ! অথচ এধরনের মানুষেরাই একত্রিত হয় যখন কোনও একজনকে ‘চোর সন্দেহে’ গণপ্রহার করার প্রয়োজন হয় ৷ যদি একে চেতনার কন্ঠস্বর বলা হয় , তবে ‘দুর্বলের ওপর সবলের অত্যাচার’ কাকে বলে ! চারিদিকে ইদানীং রব উঠছে- ‘সমাজে নারীদের অবস্থান সুদৃঢ় করতে নারীদেরই এগিয়ে আসতে হবে’ ৷ আমি একজন পুরুষ ; একটা প্রশ্ন করতে চাই –পুরুষ সমাজ কি তবে ঘরে বসে প্রসব-যন্ত্রনা সহ্য করার উদ্দেশ্যে বসে থাকবে ? কেন শুধু নারীদেরই এগিয়ে আসতে হবে ! যে সমাজে একজন ছাত্র ‘ফেমিনিজম্’ নিয়ে কফি হাউসে টেবিল চাপড়াচ্ছে , ভার্জিনিয়া উলফ্-এর নারীর অধিকার সম্বন্ধীয় উদ্ধৃতি মুখস্থ করছে , “সেকেন্ড সেক্স”-এর আলোচনায় মেতেছে , সে এখনও কেন নিজের প্রেমিকাকে সন্দেহজনক প্রশ্ন করে ? নিজের প্রেমিকাকে অন্য বন্ধুর (পুং) সাথে ঘুরতে দেখলে , ছেলেটি কেন ‘রি-অ্যাক্ট’ করে?
কেন সে রাত্রিবেলায় লুকিয়ে লুকিয়ে পর্ণোগ্রাফি নিয়ে ব্যঙ্গ করে ? এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে , তবে ‘ডিপ্লোম্যাসি’র সাহায্য নিয়ে ! আর এই মুহূর্তের ‘ব্রেকিং নিউজ্’ ধর্ষণ ও শ্লীলতাহানি নিয়ে নাই বা বললাম ৷ এখনকার বেশিরভাগ লেখকদের লেখা পড়লেই পাওয়া যাবে ধর্ষণাতীত উলঙ্গ ও অপ্রয়োজনীয় বিবরণ ৷ অপরাধী ও মিডিয়ার পরে যদি এই ঘটনাগুলিকে কেউ ‘ক্লিশে’ করে , তবে তা হল এইধরনের লেখকগোষ্ঠী ৷ যদি এই ক্লিশেই তাদের চেতনার কন্ঠস্বর হয়  , তবে কবিগুরুর ভাষায় তাদের বলতে হয়-
                           ‘হায় রে নির্বোধ নর ,        কোথা তোর আছে ঘর ,
                                           কোথা তোর স্থান !
                           শুধু তোর ওইটুকু           অতিশয় ক্ষুদ্র বুক
                                           ভয়ে কম্পমান ৷’


       পরিশেষে কিছু শব্দ বাঁচিয়ে রেখেছি ‘জ্ঞান’ বিতরণের জন্য ৷ আগেই সূত্র দিয়েছিলাম যে , কন্ঠস্বর সর্বদা  শুভ চেতনাময় নাও হতে পারে ৷ চেতনার বৈশিষ্ট্য কি ? উইলিয়াম্ জেমস্ তাঁর “প্রিন্সিপলস্ অফ্ সাইকোলজি” গ্রন্থে চেতনার বৈশিষ্ট্য উল্লেখ করেছেন ৷ তাঁর মতে, “মৌলিক মানসবৃত্তি নিছক চেতনা নয় , এই চেতনা বা ঐ চেতনা নয় , তা হল আমার বা তোমার চেতনা ৷ চেতনা মাত্রই অহংকেন্দ্রিক ৷” চেতনা থাকে ‘আমি চিন্তা করি , আমি অনুভব করি , আমি স্মরণ করি’ –এভাবে ৷ অতএব সর্বাগ্রে যদি ‘আমি’ থাকি , তবে আমার মূল্যবোধ কেন তলানিতে থকবে ! চেতনা কখনওই শৃঙ্খল নয় , এটি একটি প্রবাহ ৷ আমাদের উচিত এই প্রবাহের সঠিক ধারাকে সচল রাখা ৷ মনোসমীক্ষক ফ্রয়েডের মতানুযায়ী , ভাসমান তুষারস্তূপের ১/১০ভাগ সাগর জলের ওপরে থাকে এবং বাকি ৯/১০ভাগ জলের নীচে থাকে , তেমনই মনের অল্প অংশ চেতনস্তরে প্রকটভাবে প্রকাশ পায় এবং অবশিষ্টাংশ ‘নির্জ্ঞান’-এ আচ্ছন্ন থাকে ৷ অতএব , আমাদের চেতনার জায়গা যখন কম , তখন তার ছাপ একটু বৃহৎ আকারে আটকে যাওয়া উচিত এবং একটা সুন্দর ধারণা আগামী মানুষজনের মনে সঞ্চার করা উচিত !

       একটি পিঁপড়ে আকারে এত ছোট যে , সে আঘাত পেলেও তার আকুতি আমাদের কানে পৌঁছায় না ; কিন্তু আমরা তো মানুষ –সুমহান জীব , আমরা হয়তো পারি আমাদের চেতনার কন্ঠস্বরের মাধ্যমে সামাজিক মূল্যবোধের উদাহরণ তৈরী করতে ! নাহলে প্রখ্যাত সাহিত্যিক শেক্সপিয়ার-এর কথানুযায়ী আমাদের অবস্থা হবে-
              ‘লাইফ্ . . . ইজ্ আ টেল্ টোল্ড্ বাই অ্যান্ ইডিয়ট্ , ফুল্ অফ্ সাউন্ড্ অ্যান্ড্ ফিউরি ,
              সিগনিফায়িং নাথিং ৷’
-একটা লক্ষ্য থেকে যাবে চিরদিন :
প্রতিটা মানুষের জীবন কুড়িয়ে পাওয়া ৷ প্রতিটা মানুষের মৃত্যু ফুরিয়ে যাওয়া ৷ চেতনাময় মূল্যবোধ শুনিয়ে দেওয়া আগামী জন্মকে ৷ আমি যদি আমাকে জানি , তবে তোমাদেরও জানবো , ভালো কিছু করার জন্য অঙ্গীকারবদ্ধ হব প্রতিদিন , নতুন করে ৷

___________________________________________________________________________________

ভেজা আাঁচল (১৮)


ভেজা আাঁচল
অঙ্কুর কুন্ডু

       কয়েকমাস আগেও ছেলেটির মুখের কাছে মা নিজের বুক এগিয়ে দিলে , সে খুব একটা বুকের দুধ খেত না ; ছেলেটির বয়স মাত্র এক বছর দুই মাস ৷ অভাবের সংসার , তাই বাইরে থেকে দুধ কেন অসম্ভব ৷ মাঝে-মাঝেই শরীর খারাপ হত তার ৷ বাপ-মরা ছেলেটি যখন জন্মেছিল , ডাক্তার তাকে ‘অস্বাভাবিক বাচ্চা’ আখ্যা দিয়েছিলেন ৷ অশিক্ষিতা মা এতে আনন্দ বা দুঃখ কোনওটাই পায়নি ! ফুটো ছাউনির ঘরে ও ফিনফিনে শাড়ি পরা মা-এর কাছে ‘পদ্মবিভূষণ’ ও ‘অস্বাভাবিক বাচ্চা’ সমান ৷
       গত দু’দিন থেকে ছেলেটি জ্বরে ভুগছিল ; মা ঠাঁই বসে আছে ছেলেকে কোলে নিয়ে ! আঁচল ভিজিয়ে বারবার ছেলের কপালে দিচ্ছে ; ছেলের মুখের সামনে রাখা আছে খোলা বুক ৷ কয়েকঘন্টা আগে থেকে ছেলে একবারও তা ছোঁয়নি ৷ জ্বরের গরম শরীর ঠান্ডা ও নিথর হয়ে গেছে ৷ তাও ভেজা আঁচলে মুখ চেপে মা ছেলেকে কোলে নাচাচ্ছে ও গুনগুন করছে “ছেলে ঘুমালো . . .” ৷


অ্যানাগনরিসিস্ –সহজ উপলব্ধি (১৭)


                                 অ্যানাগনরিসিস্ –সহজ উপলব্ধি
                                                অঙ্কুর কুন্ডু


                       মুর্শিদাবাদ সাইনবোর্ডের পেছনে
                             যখন সূর্য লুকিয়ে গেল
                   লেট লালগোলা প্যাসেঞ্জার তখন
                             হাইহিলে সুলগ্নাকে নামিয়ে
                   দম নিচ্ছে কন্যা দায়গ্রস্ত পিতার মতো
                             সম্প্রদান করে আবার ছুটছে
                                      সুলগ্না চুপ , আমি চুপ ,
                                      যে পাখি ঘর হারালো সেও চুপ

                   লটখট্ পাঁজরে ঘোড়া চলেছে
                             সাথে সুলগ্না বলছে স্কুলের কথা
                   মুঠোবন্দী এলাচ্-গন্ধের মতোই
                             ঐতিহাসিক এই রাস্তায় ওর মুখে
                   তাকিয়ে কোনো ইতিহাস মনে পড়ে না
                             এই প্রথম স্যাঁতস্যাঁতে সন্ধ্যায়
                                      ধুলো উড়ছে , ঘোড়ার লেজে
                                      মশাগুলো আপ্রাণ নেচে চলেছে

                   সন্ধ্যেবেলায় লোডশেডিঙের বোহেমিয়ান আঁধারে
                             তোমাকে নতুন করে দেখালো মোমের কেরামতি
                   নৈঃশব্দ শুনতে পেয়েছি দু’জানু দূরে . . .
                             তোমার চোখের ঘামে জমেছিলো
                   নিঙরানো নিউমোনিয়া রোগের
                             ঘোরে টেবিল কেঁপেছে –তুমি থুতনি রাখতেই
                                      শূন্যতা নেমেছে , দুই হাঁটুর
                                      ভাঁজে লোম ছিঁড়ছে ঘামে

                  
                   টঙের মাইকে ফজরের টান
                             দু’চোখের পাতায় সেক্যুলারিজম্ ডাকে
                   মানবতন্ত্রের রিক্সায় চাপাচাপি
                             বসে থাকা ভাড়া না দেওয়া দুই নিত্যযাত্রী
                   ক্রমশঃ আমার পায়ের লোমে ,
                             মাথার পাশে টোকা মেরে
                   জুয়ার ঠেকের চেয়েও বিশুদ্ধ গালাগালে
                             ভেংচি কাটে আমার দিকে পেছন ফিরে . . .
                                      এই ঘরে সুলগ্না নেই
                                      বাথরুমে ওর পা বেয়ে জল পড়ছে

                   বইয়ের মলাট জানে আমি কেন বসে আছি
                             পাড়ার লোক জানেনা কেন সাইকেল বেরোয়নি
                   চারদিন পরে কেউ বলেছিলো –মন খারাপ
                             কেউ বলেছিলো –শরীর খারাপ ; তবু
                   কেউ ভাবেনি যে, খারাপ মনের অসুস্থ শরীর
                             বীর্য চেনে , মানসীর ছোঁয়া চায়
                   আমি বাথরুমের দিকে বহুক্ষণ তাকিয়ে ছিলাম -
                             যেন অঢেল সময় ; লাইব্রেরীর গ্রন্থস্বত্ব আমার
                                      মেঝেতে ভিজে ছায়া পড়ছে
                                      ছায়ায় চিটে আছে ভেজা তোয়ালে

                   সুলগ্না স্টেশনে ফেরার পথে কবরের পাশে হাঁটছে
                             মরিয়া জীবন্ত মানুষ মৃত্যুর ধার ঘেষে থাকে
                   হাঁটার স্পন্দন ক্রমশঃ কমতে থাকে –যেন খোলকের
                             মাঝে শামুকের শেষ অংশ চিরঘুমে যাচ্ছে
                   বহু ঝক্কি পোহানো স্টেশনের ফ্যানটি নিম্নমানের
                             খোঁড়া কবরের মতোই অচল বাক্স
                   যে পথ দিয়ে ফিরে যাওয়া যায় , সে পথে গেল
                             সুলগ্না ; ভিড়ের মাঝে শুধু চেনা ট্রেনটি
                                      আমার নির্জনতায় সায় দিয়ে
                                      চলে যাচ্ছে ‘ফিরব’ বলে

                   সন্ধ্যার চুপ থাকা গাছে পাখি নেই
                   রাস্তায় হেঁটে যাওয়া কিছু মানুষের মধ্যেও
                   তারা নেই ; রাতের লোডশেডিঙে টেবিলের ও’পাশে
                   খাবারের প্লেট নেই : গা গুলিয়ে উঠলো শরীরের সংখ্যা কমতে দেখে !



Tuesday, 15 July 2014

অঙ্কুরের শ্রদ্ধা বরুণ বিশ্বাস-এর প্রতি (১৬)

"আদরের নৌকা" ওয়েবম্যাগে অঙ্কুরের শ্রদ্ধা বরুণ বিশ্বাস-এর প্রতি ...

বানান ভুলটা আমারই করা , ভুল করে !

নিম্নে উল্লিখিত লিঙ্কে ক্লিক্ করলে লেখাটি পড়া যাবে :
http://www.aadorernouka.in/adorernauka/Recent_Article/206/%E0%A6%85%E0%A6%99%E0%A7%8D%E0%A6%95%E0%A7%81%E0%A6%B0%20%E0%A6%95%E0%A7%81%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%81%20%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A3%20%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2%20,%20%E0%A6%86%E0%A6%B0%20%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87%20.html

অঙ্কুরের লেখা ২০১৪ বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে (১৫)

"আদরের নৌকা" ওয়েবম্যাগে অঙ্কুরের লেখা ২০১৪ বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে ...

বানান ভুলটা আমারই অন্যমনস্কতায় !

নিম্নে উল্লিখিত লিঙ্কে ক্লিক্ করলে লেখাটি পড়া যাবে :

http://www.aadorernouka.in/adorernauka/Recent_Article/47/%E0%A6%85%E0%A6%99%E0%A7%8D%E0%A6%95%E0%A7%81%E0%A6%B0%20%E0%A6%95%E0%A7%81%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%81%20%E0%A6%AD%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87%20%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%20%E0%A6%B0%E0%A6%82%20%E0%A6%AD%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE%20%E0%A6%AF%E0%A6%BE%E0%A7%9F%20%E0%A6%A8%E0%A6%BE.html

রাহুল দেব বর্মন কে অঙ্কুর-এর শ্রদ্ধা (১৪)

"আদরের নৌকা" ওয়েবম্যাগে রাহুল দেব বর্মন কে অঙ্কুর-এর শ্রদ্ধা :
কিছু বানান ভুল আমার দোষেই আছে !
নিম্নে উল্লিখিত লিঙ্কে ক্লিক্ করলে লেখাটি পড়া যাবে -

http://www.aadorernouka.in/adorernauka/Article/183/%E0%A6%85%E0%A6%99%E0%A7%8D%E0%A6%95%E0%A7%81%E0%A6%B0%20%E0%A6%95%E0%A7%81%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%81%20%E0%A7%AD%E0%A7%AB%E0%A6%8F%20%E0%A6%AA%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%AE.html


১৩ নং সেল -বয়স যেখানে থেমে যায় (১৩)


১৩নং সেল –বয়স যেখানে থেমে যায়
অঙ্কুর কুন্ডু

                            পাথর-ভাঙা হাতের তালুতে ঐ রেখাগুলি বসেছিল ,
                            যেভাবে মশাদের ডানা আলগা হয়ে বসে থাকে
                                              এবং বাতাসে সহসা ঝরে পড়ে !
                            লোকটি রাতের ঘুমেও গরাদের লোহাগুলি খুঁটে যেত ,
                            পরের দিন ভাঙা নখেই একটি-দু’টি করে ঘামাচি মারত !

                            গত দু’দিনে ঐ সেলে সাদা পোশাকে কেউ ঢোকেনি –
                            পুলিশ অথবা দোষী -১৩নং সেলের কয়েদি
                                              এবং ওর দাঁত না-মাজা চাওনি ফেরেনি !
                            ঐ মেঝেতে ও পড়েছিল . . . দু’-চারটি মাছি ওর দাড়ি ফুঁড়ে
                            ঢুকতে চেয়েছিল . . . ও মাছিদের ছেড়ে জীবনে ফিরতে চেয়েছিল . . .

                            রাতের অন্ধকারে রিলিজ অর্ডার আনতে গিয়েছিল
                            সিঁড়ি দিয়ে নেমে , তারপর ঐভাবেই সে নেমে গিয়েছে ,
                                              এবং ওপরে তাকিয়ে দেখেছে আকাশের বদলে কংক্রিট !
                            কয়েদিটি মারা গেছে , যেভাবে সকলে মারা যায় –
                            সেভাবে নয় , বরং মুখ উল্টে মরেছে !

                            ১৩বছর ৩৬৩দিন জীবন পেরিয়ে নির্বাসনের মুখ থেকে
                            নিজের দেহ ছিনিয়েছিল সে ৷ আজ ওর পোশাক শূন্য ,
                                              এবং কম্বলে শুকিয়ে আছে গড়িয়ে আসা লাল !
                            চোখ বন্ধ করে অতীত শুকোতে গিয়েই সে আঁৎকে উঠেছিল ,
                            এবং তখনই আগামী বয়স থমকেছিল ৷

___________________________________________________________________________________