Wednesday, 5 November 2014

অনুভবের নাম ছিল না (৫৬)


অনুভবের নাম ছিল না
অঙ্কুর কুণ্ডু

        ফুটপাথে থাকাকালীন অনুভবের কোনো নাম ছিল না ৷ এই বাড়ীতে এসে অনুভব খুঁজে পেয়েছে বাবা-মাকে ৷ নিঃসন্তান দম্পতিরা প্রায়শই অনাথ-আশ্রম থেকে বাচ্চা নেন ৷ মি.-মিসেস দত্ত দম্পতির অনুভূতির কথা ঠাহর করাই যায়নি ৷ রাস্তা থেকে আটবছরের ছেলেটাকে পরম যত্নে তুলে এনে নিজেদের সচ্ছ্বল পরিবারে জুড়ে দিলেন ৷ এই দম্পতিকে আর কেউই ‘আঁটকুড়ে’ বলে না ; অনুভবও আর অনাথ নয় ৷ কী দারুণ ভাগ্য !

        অনুভবের বাইরে যাওয়া বারণ , যদি ঘরের কেলেঙ্কারি. . . অনুভব যখন বাইরে ঘুরতে যায় তখন মা-বাবার মাঝে পরম আদরে ওনাদের হাত ধরেই থাকে ৷ রাস্তার ছেলে বলেই কী না জানা নেই , ওর গায়ে ঘা-ভর্তি ৷ আসলে ঘরের কাজ ঠিকমত না করলে তো মনিবরা কাজের লোকের ওপর রেগে থাকবেনই ৷ অনুভবের নতুন মা অনুভবকে একটু বসতে দেখলেই সারা গায়ে খুন্তির ছ্যাঁকা দিতে থাকেন ৷ রাস্তা থেকে ছেলে তুলে আনার এটাই একটা বড় সুবিধা ৷ অনুভবের যখন নাম ছিল না , তখন ও রাস্তার ছেলে ; এখন ওর নাম হয়েছে  , ও বড় হচ্ছে , তাই লোক. . . কাজের লোক !


No comments:

Post a Comment